Sylhet Today 24 PRINT

৫৭ ধারায় বিডিনিউজের সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৭

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মাহবুবুর রহমান।

মঙ্গলবার রাতে সাংবাদিকের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতের বিচারকের তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের বিষয়টি মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানিয়েছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এতে মিথ্যা তথ্য দিয়ে খবর প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলায় বিচারক তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন।

উল্লেখ্য, গত ১১ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা ….’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়, যাতে বিচারক মাহবুবুর রহমানের বাড়ি বদলের ট্রাকের কারণে একটি অসুস্থ শিশুকে হাসপাতালে নেওয়ার পথ আটকে যাওয়ার কথা বলেন স্থানীয়রা। ওই বিচারকের মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংকি এলাকার বাড়ি বদলানোর সময় মালামাল পরিবহনের ট্রাক ওই এলাকার এক অধ্যাপকের অসুস্থ শিশুর হাসপাতালে নেওয়ার পথ আটকে ছিল বলে অভিযোগ ওঠে। তখন দুই পক্ষের বাগ বিতণ্ডাও হয়।

গোলাম মুজতবা ধ্রুব বলেন, অভিযোগ ওঠার পর ওই বিচারকের বক্তব্য শুনতে তিনি তাকে ফোন করেছিলেন। তার সঙ্গে কথাও বলা হয় এবং তার বক্তব্য অবিকৃতভাবে উপস্থাপন করা হয় প্রতিবেদনে।

এই প্রতিবেদন প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সঙ্গেও প্রতিবেদক গোলাম মুজতবা কথা বলেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.