Sylhet Today 24 PRINT

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৭

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে দিনাজপুরে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার রাতে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করেছেন দিনাজপুর জজ কোর্টের আইনজীবী হযরত আলী (বেলাল)।

মামলার অপর আসামিরা হলেন, অথৈ আদিত্য, তারিখ রহমান ও নুশরাত জাহান ইশিতা। তাদের পরিচয় ও ঠিকানা অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণীতে বাদী দাবি করেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. নাজমুল হোসেনসহ অন্যরা গত ২৩ জুন ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আসামিরা ফেসবুকে অসৎ উদ্দেশ্যে বিচারপতি, বিচার ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টায় মানহানিকর ও অশালীন এই স্ট্যাটাস পোস্ট দিয়েছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।

কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.