Sylhet Today 24 PRINT

সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করলেন আরেক সাংবাদিক

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৭

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মিথ্যা তথ্য দিয়ে সম্মান ও চরিত্রহানি’ করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আরেক সাংবাদিক।

সোমবার (১০ জুলাই) রাত সাড়ে আটটায় বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ বাদী হয়ে বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম নামের একটি ওয়েব নিউজ পোর্টালের সম্পাদক শামসুল আলম বিজয়ের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় আরও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সাংবাদিক মিলন উল্লাহর মামলাটি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় রেকর্ড করা হয়েছে। তবে আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম ও শামসুল আলম স্বপন নামের ফেসবুক আইডি থেকে রোববার (৯ জুলাই) আমার (মিলন উল্লাহ) নামে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার সম্মানহানিসহ চরিত্রহানি করেছে, যা ৫৭ ধারায় অপরাধ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.