Sylhet Today 24 PRINT

এমপি রানার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৭

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। এবার নিয়ে অষ্টমবারের মত পেছাল এ শুনানি।

মামলার এই প্রধান আসামিকে বুধবার আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগেও সাতবার রানাকে আদালতে হাজির না করায় মামলার অভিযোগ গঠন পেছায়।

বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে বুধবার শুনানি গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা স্বাক্ষরিত এক চিঠিতে আদালতকে জানানো হয়, এমপি রানা পাইলসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কারাগার থেকে আদালতে নেয়ার মতো অবস্থা নেই বলে কারাগারের চিকিৎসক জানিয়েছেন। তাই তাকে হাজির করা যায়নি।

পরে আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ৬ সেপ্টেম্বর নতুন তারিখ দেন বলে জানান এই আইনজীবী।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত বছর ১৮ সেপ্টেম্বর এ আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়া এলাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে।

২০১৪ সালের আগস্টে এ মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেফতার হন।

আদালতে তাদের স্বীকারোক্তিতে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে রানা ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান।

গত বছর ৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.