Sylhet Today 24 PRINT

সাবেক সাংসদ খান টিপু সুলতান মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৭

যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট খান টিপু সুলতান মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ড খান টিপু সুলতানের লাইফ সাপোর্ট খুলে দেন। এর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট খান টিপু সুলতান খান টিপু সুলতান পঞ্চম, সপ্তম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুর আসন হতে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের কাছে হেরে যান তিনি।

খান টিপু সুলতান ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

খান টিপু সুলতান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত মঙ্গলবার থেকে রাজধানীর ধানমন্ডি এলাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার থেকে তাকে নিবিড় তত্ত্বাবধানে (সিসিইউ) রাখা হয়।

রবিবার বেলা ১১টায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ প্লাজায়। এরপর মরদেহ নেয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে বাদজোহর জানাজা শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে যশোরে আনা হবে। বাদআছর যশোর ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরদেহ নেয়া হবে সংসদীয় এলাকা মণিরামপুরে। সেখানে বাদমাগরিব জানাজা শেষে জন্মস্থান খুলনার ডুমুরিয়ায় নেয়া হবে। বাদ এশা ডুমুরিয়ায় শেষ দফা জানাজা শেষে তাকে ধামালিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.