Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

কুষ্টিয়া সদর উপজেলায় এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার হরিনারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় এই 'বন্দুকযুদ্ধের'ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (৩০) হরিনারায়ণপুরের শিবগ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, 'বন্দুকযুদ্ধের' পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, তিনটি গুলির খোসা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কলেজছাত্র সাগরকে অপহরণের পর হত্যার ঘটনায় এনামুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের বিষয়ে তথ্য দেয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে হরিণানারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় পুলিশ।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে এনামুলের সহযোগীরা পালিয়ে যায়। তবে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হয় এনামুল। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.