Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে দুইজনকে খুন করে গরু ডাকাতি

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

ময়মনসিংহ সদর উপজেলায় দুইজনকে খুন করে এক খামার থেকে ১০টি গরু ডাকাতির খবর পাওয়া গেছে।

কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ।

নিহতরা হলেন খামারের নাইট গার্ড ইদ্রিস আলী (৩২) ও স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন মোজা (৩০)। এদের মধ্যে ইদ্রিসের মরদেহ পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

আর মোজাফফরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তিনি দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে ভাতিজা তানভীর হোসেন পুলিশকে জানিয়েছে।

খামারের আরেক পাহারাদার আব্দুল হামিদ পুলিশকে জানিয়েছেন, আট-দশ জনের একটি ডাকাত দল পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে ফেলে দেয় এবং আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, চার মাস আগে ইদ্রিস এখানে চাকরি নেয়। ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর দাম প্রায় আট লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.