Sylhet Today 24 PRINT

পদ্মায় পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিন লঞ্চডুবি

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৭

ছবি: প্রতীকী

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।

সোমবার সকাল ৭টার দিকে তীব্র স্রোত ও ভাঙনে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) তিনটি লঞ্চ ডুবে যায়।

লঞ্চ তিনটি হলো- মৌচাক-৪, মহানগরী ও নড়িয়া-১। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, সকালে ঘাটে পন্টুনে পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ওই তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে ডুবে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২০ কর্মী ছিলেন। তারা লঞ্চে আটকা পড়েছেন কিনা সেই তথ্য এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা লঞ্চগুলো উদ্ধারে কাজ করছেন। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.