Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের সাহায্য করা ঈমানি দায়িত্ব : আহমদ শফী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব। তারা আমাদের ভাই-বোন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুম এ জনগোষ্ঠির পাশে সবাইকে দাড়াতে হবে। বললেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

বুধবার রোহিঙ্গা ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শাহ আহমদ শফী।

বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালাচ্ছে। নির্যাতিত মুসলিম মা-বোনদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাষ্ট্র ও জনগণের নৈতিক কর্তব্য।’

সরকারের উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘আপনারা সোচ্চার হোন, কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। মানবতার শত্রুদের মোকাবিলায় বিশ্ব মুসলিম নেতা ও রাষ্ট্রগুলোকে শামিল করুন। দেশের জনসাধারণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করবে।’

জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আহমদ শফী বলেন, ‘মুসলমান হওয়াটাই কি আরাকানের নির্যাতিত নাগরিকদের অপরাধ। অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.