Sylhet Today 24 PRINT

সিলেট-কুমিল্লা মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট-কুমিল্লা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়া এক যাত্রী ট্রাকচাপায় মারা গেছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুহিলপুর ইউনিয়নের মিরহাটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৫৫) ছিলেন জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাসিন্দা।

পরিদর্শক মজিবুর বলেন, “পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দিলে ভেতরে থাকা যাত্রী রাস্তায় পড়ে যান। এ সময় সামনে দিয়ে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে জানিয়ে তিনি বলেন, লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.