Sylhet Today 24 PRINT

রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৭

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিন জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ওসি হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামক স্থানে বগুড়া থেকে নীলফামারীগামী ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের তিন ব্যক্তি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় তিন জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত যাত্রীদের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.