Sylhet Today 24 PRINT

‘মাহবুবুল হক শাকিল সংসদ’ গঠন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৭

অকাল প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ গঠন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজীকে আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে ২০১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

৭ অক্টোবর মাহবুবুল হক শাকিলের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ নামের এই সংগঠন গঠন করা হয়।

প্রয়াত শাকিলের স্মৃতি রক্ষার্থে উক্ত সংগঠন তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালনসহ মাহবুবুল হক শাকিল-এর নামে বিভিন্ন ধরনের সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। এরই মাঝে সংসদের পক্ষ থেকে ‘মাহবুবুল হক শাকিল পদক’ নামে একটি পদক প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বছর তরুণ একজন কবিকে বাংলা কবিতায় অনন্য অবদানের জন্য এক লক্ষ টাকা মূল্যমানের এই পদক প্রদান করা হবে। ভবিষ্যতে পদকের সংখ্যা ও কর্মব্যপ্তি ক্রমান্বয়ে বর্ধিত করা হবে।

আগামী ২০ ডিসেম্বর মাহবুবুল হক শাকিল-এর জন্মদিনে এই পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণিকে পুরস্কার প্রদান উপ-কমিটির আহ্বায়ক করা হয়।

মাহবুবুল হক শাকিল সংসদ-এর কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও অধ্যাপক আনিসুজ্জামান, ড শামসুজ্জামান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, হেলাল হাফিজ, নঈম নিজাম, মোজাম্মেল বাবু, অসীম কুমার উকিল, শফী আহমেদ, নসরুল হামিদ বিপু, একেএম এনামুল হক শামীম প্রমুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.