সিলেটটুডে ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৭
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন বিখ্যাত ব্যান্ড মাইলসের প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জমা দেয়া দলের নিবন্ধন আবেদন কার্যক্রম বর্ণনা করেন এবং আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে এনডিএম সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।
ববি হাজ্জাজ বলেন, আসন্ন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব।
তিনি বলেন, যেহেতু এই উপনির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে এনডিএম সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করছি।
তিনি বলেন, স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে শাফিন আহমেদ ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তাকে বেছে নেবেন।
ববি হাজ্জাজ আরো বলেন, একই সঙ্গে সরকারকে সতর্ক করব, জনগণের রায় পরিবর্তনের নীল নকশা করবেন না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে পায়ের তলার মাটি থাকবে না।
সংবাদ সম্মেলনে গত ১ বছরে এনডিএম এর দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন, দফতর সম্পাদক হুমায়ূন পারভেজ খান প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর না ফেরার দেশে চলে গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র আনিসুল হক। ডিএনসিসি এর মেয়র পদটি শূন্য হওয়ায় এ মাসের পুরোটা সময়ই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ণের কাজটি করে যাচ্ছেন।
আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ডিএনসিসির মেয়র পদের জন্য তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।