Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের দ্বন্দ্ব: একজনের ছুরিকাঘাতে আরেকজন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

কক্সবাজারের উখিয়ায় আরিফ উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে মমতাজ আহমদ (৩৫) নামে আরেক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের নিশ্চিত করেন।

উখিয়া থানার ওসি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে মমতাজকে পেয়ে ছুরিকাঘাত করে আরিফ। এসময় ক্যাম্পে থাকা অন্য রোহিঙ্গারা মমতাজকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পরে আরিফ উল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এসব রোহিঙ্গাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.