Sylhet Today 24 PRINT

মাগুরায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৮

মাগুরায় গোবিন্দ ভট্টাচার্য (৩২) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে শহরের নতুন বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত গোবিন্দ ভট্টাচার্য ভারতের নাগরিক বলে পুলিশ জানতে পেরেছে। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার মৃত ধীরেন্দ্র নাথ ভট্টাচার্যের ছেলে।

জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ওই এলাকার একটি ৬তলা ভবন থেকে কেউ নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন সড়কের উপর লাশটি পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ী গ্রামের শরফরাজ নেওয়াজ জনি নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গোবিন্দ ভট্টাচার্যকে ৬তলা একটি ভবনে আটকে রেখেছিল দুর্বৃত্তরা। সেখান থেকে পালাতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.