Sylhet Today 24 PRINT

এতিমখানা কই, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

রাজশাহী আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘এতিমখানা কই, কেউ এতিমখানার ঠিকানা জানে না। কয়জন এতিম আছে, তারও হিসেব নেই। তারা এতিমের টাকা লুটপাট করে খেয়েছে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করে। আর আওয়ামী লীগ উন্নয়ন করে। তত্ত্বাবধায়ক সরকার তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু আমাদের লুটপাটের কোন রেকর্ড পায়নি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শেখ হাসিনা বলেন, আমরা তো এতিমের টাকা মেরে খাইনি।  দুস্থ মানুষের সেবায় কাজ করি। আমরা যেখানে জনগণের জন্য কাজ করি তা তারা লুটে খায়। এতিমের টাকা লুটপাট করায় মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। লুটপাট করা, চুরি করা তাদের চরিত্র।  এদেশের টাকা জনগণের কাজে ব্যবহার না করে বিদেশে পাচার করেছে। যা আমরা ফেরত নিয়ে এসেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রাজশাহীকে করেছে সন্ত্রাসের নগরী। বিএনপি সরকার আমলে তাদের ক্যাডাররা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করে। শিবির ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের হাত-পায়ের রগ কেটে হত্যা করে। বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে মানুষ কষ্ট করেছে আমরা দেখেছি। কিন্তু আমরা আপনাদের জন্য উন্নয়নের উপহার নিয়ে আসি। বিএনপি জামাত ক্ষমতায় আসার পর শুধু লাশ উপহার দিয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে।  রাজশাহীর মানুষের উন্নয়নে মেডিকেল তৈরি করছি যাতে এ অঞ্চলের মানুষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারে।

এর আগে রাজশাহীতে প্রধানমন্ত্রী ৩১টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরমধ্যে ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও  ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.