Sylhet Today 24 PRINT

প্রশ্ন ফাঁসকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা উচিত: ভিসি আলাউদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন বলেছেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করে জাতি ধংস করছেন, তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা উচিত। কারণ, তারা এই অপরাধের মাধ্যমে গোটা জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করছে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গাজীপুর কালিয়াকৈর উপজেলার বিনোদন পার্ক সোহাগপল্লীতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বনভোজনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সবাইকে মানসিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে অধ্যাপক আলাউদ্দিন বলেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করছেন তাদের ধরা যাবে না, আমি বিশ্বাস করি না। সবাই মিলে চেষ্টা করলে অপরাধীকে অবশ্যই ধরতে পারব।’

প্রশ্নপত্র ফাঁস বন্ধে প্রশাসন, মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে সততা এবং নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনেরও আহবান জানান তিনি।

অধ্যাপক আলাউদ্দিন আরও বলেন, ‘সততা এবং নৈতিকতা না থাকলে আইন দিয়ে কোনো অপরাধ দমন করা সম্ভব নয়। পৃথিবীতে এমন নজির নেই। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন থেকে জন এফ কেনেডি, তাদেরকেও হত্যা করা হয়েছে। অথচ তারা সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে থাকতেন। ভারতের ইন্ধিরা গান্ধীকে হত্যা করেছেন তার দেহরক্ষীরা। এজন্য সবার আগে আমাদের সৎ এবং নৈতিক একজন মানুষ হয়ে গড়ে ওঠা দরকার।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শাহীন উদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সফিকুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক সাদিক আল হারুণ, সহকারী রেজিস্টার দেওয়ান আলম সারওয়ার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.