সিলেটটুডে ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার মহেশখালী উপজেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রশিদ আহমদ মারা গেছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রশিদের পরিবারের সদস্য আমিনুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা যায়, রশিদ আহমদ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক গঠিত শান্তি কমিটির মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৯ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ২০১৫ সালের ২ মার্চ মহেশখালীর বাড়ি থেকে গ্রেপ্তার হন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জেলে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনি অন্তর্বর্তী জামিন নিয়ে আদালতের নজরে থেকে ঢাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতেই তার মৃত্যু হয়।
১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ের হওয়া মামলাটি বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন।
রশিদের পরিবারের সদস্য আমিনুল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। মরদেহ মহেশখালীতে নেওয়ার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে।
এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধী জিন্নাত আলী ও মৌলানা শামসুদ্দোহা জেলখানায় মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে মৃত্যু হয় ওই মামলার অপর আসামি মৌলানা আব্দুল মজিদ।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, তার মৃত্যুর খবর এখনো অফিসিয়ালভাবে পাইনি। তারপরও বিষয়টি মহেশখালী থানাকে অবহিত করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, বিষয়টি শুনেছি। নিশ্চিত হতে ঢাকাতে বেতার বার্তা পাঠানো হচ্ছে।