Sylhet Today 24 PRINT

দোল পূর্ণিমায় বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৮

ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে।

এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে বুধবার দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়েছে। বৃহস্পতিবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও বন্ধ থাকবে। শনিবার (৩ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলছে। পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোনো বাধা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.