Sylhet Today 24 PRINT

পাবনায় হরিজন সম্প্রদায়ের দোল উৎসব উদযাপন

কবির হুমায়ূন |  ০২ মার্চ, ২০১৮

‘অস্পৃশ্যতার বিপরীতে একাত্মতা’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনায় হরিজন সম্প্রদায়ের সাথে দোল উৎসব উদযাপন করেছে জেনারেশন ওয়াই জেড নামে একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন, যাতে অংশগ্রহণ করে পাবনার সুধীসমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।

তাদের মধ্যে ছিলেন পাবনা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুণ্ডু, সাংস্কৃতিক কর্মী মিজানুর রহমান,পাবনার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শ্রী প্রলয় কুমার চাকির পুত্র সানি চাকি প্রমুখ।

এছাড়া বিভিন্ন ধর্মের শিশু-কিশোর-তরুণ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।জেলার দক্ষিণ রামচন্দ্রপুর নতুন হরিজন কলোনির সভাপতি শ্রী সুবল কুমার দাশ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ সহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা এই অনুষ্ঠানে প্রাণবন্ত ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হরিজন সম্প্রদায় ও মূলধারার হিন্দু-মুসলমান সম্প্রদায়ের নানা বয়সের নারী-পুরুষ ও শিশুরা একে অপরকে আবীর মাখিয়ে ও মিষ্টি খাইয়ে দোল উৎসব উদযাপনের মাধ্যমে পারস্পারিক একাত্মতা ও সম্প্রীতি প্রকাশ করেন।অনুষ্ঠানের আয়োজক জেনারেশন ওয়াই জেড এর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বলেন, হরিজনদেরকে মূলধারার সমাজে যে অস্পৃশ্য-নিগৃহীত হিসেবে ভাবা হয় তার বিপরীতে একাত্মতার বারতা দেবার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.