Sylhet Today 24 PRINT

সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

ছবি: ডেইলি স্টার বাংলা

সিরিয়াল কিলার রসু খাঁসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু আদালত। মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে ২০১০ সালের ২১ অক্টোবর ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত পারভীন হত্যা ও ধর্ষণ মামলায় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এই রায় দেন

অপর সাজাপ্রাপ্তরা হলো রসুখার ভাগ্নে জহিরুল ইসলাম ও তার সহযোগী ইউনুছ। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে। সাজাপ্রাপ্তদের সবার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়।

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাড. সায়েদুল ইসলাম জানান, ২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত পারভীন হত্যা মামলায় এই রায় দেয়া হয়। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনি (রসু খাঁ) বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয়েছে আজ।

তিনি জানান, পোশাককর্মী পারভীনকে প্রেমের ফাঁদে ফেলে রসু খাঁ ফরিদগঞ্জ উপজেলার খালপাড়ে নির্জন স্থান নিয়ে হত্যা করেন।

চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালবাসায় হেরে গিয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হন। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার রোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। তার টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তারা প্রত্যেকে ছিলেন পোশাককর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.