Sylhet Today 24 PRINT

নোয়াখালীতে কুপিয়ে ও গুলি করে ২ যুবককে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শনিবার (১০ মার্চ) ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের ৪ নং ওয়ার্ড ভিআইপি সড়কের আবদুল চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব একলাশপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে রবিন (১৮) ও সোলেমানের ছেলে মোহাম্মদ আলী (২৮)।

স্থানীয় বাসিন্দা আলি আজ্জম জানান, ভোরে গুলির শব্দে ঘুম ভাঙলে উঠে দেখেন কিছু লোক দৌড়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে পুকুরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

স্থানীয় আরেক বাসিন্দা ফয়েজের স্ত্রীসহ কয়েকজন জানান, ফজরের আজানের পরে নামাজের জন্য অজু করতে বের হলে মোহাম্মদ আলী দৌড়ে এসে তাদের ঘরে ঢোকে। ওই সময় তাকে ধাওয়া করে আরও ৪-৫ জন যুবকও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। তারা এক পর্যায়ে জোর করে ঘরে ঢুকে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে মোহাম্মদ আলী স্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬-৭টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.