Sylhet Today 24 PRINT

সৎভাইয়ের বিরুদ্ধে ছোটবোনকে ধর্ষণের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১০ বছর বয়সী ছোট বোন ধর্ষণের অভিযোগ উঠেছে সৎভাইয়ের বিরুদ্ধে। রোববার দুপুরে কালবৈশাখীর সময় ঘরে ছোট বোনকে একা পেয়ে সৎভাই (২২) ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই শিশুর মা।

মায়ের অভিযোগ, ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় বোনকে হাসপাতালে নিয়ে যান সৎভাই। একপর্যায়ে কৌশলে পালিয়ে যান।

ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘প্রতিদিনের মতো মেয়েকে বাসায় রেখে কারখানায় কাজে যাই। দুপুর ২টার দিকে বাড়িতে গিয়ে শুনতে পাই মেয়ে নাকি ছাদ থেকে পড়ে গেছে। পরে মেয়ের মুখে জানতে পারি তার বড় ভাই তার সাথে খারাপ কাজ (ধর্ষণ) করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মেয়েটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের বাবা বেকার। মা ও সৎ বড়ভাই একটি সুতার কারখানায় কাজ করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনা জানতে পেরে হাসপাতালে গিয়েছি। শিশুটির মা ও শিশুর সঙ্গে কথা বলে, ধর্ষক ভাইকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.