Sylhet Today 24 PRINT

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৮

কক্সবাজারে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার শীর্ষ মাদক বিক্রেতা ও ১০ মামলার আসামি মজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। মজিবুর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন জানান, নেত্রকোনার চিহ্নিত ইয়াবা বিক্রেতা মজিবুর। তিনি ইয়াবা কেনার জন্য নিয়মিত কক্সবাজার আসা যাওয়া করতেন। তার গতিবিধি দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে তিনি ইয়াবা কিনতে শহরের একটি হোটেলে অবস্থান নেন। রাতে তিনি ইয়াবা কেনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় র‌্যাব পিছু ধাওয়া করলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে কবিতা চত্বরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

মেজর রুহুল আমিন জানান মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.