Sylhet Today 24 PRINT

বেনাপোল হুন্ডির ৯ লাখ টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৮

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক (৩৭) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (৯ জুলাই) দুপুর আড়াইটার টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়।

আটক রাজ্জাক পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত আশানুর রহমান এর ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি পুটখালী সীমান্ত থেকে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাবে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে মোটরসাইকেলে করে পার হয়ে যাওয়ার সময় রাজ্জাককে আটক করা হয়।

পরে পুটখালী কোম্পানি সদরে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশী ৯ লাখ টাকা পাওয়া যায়। এ সময় রাজ্জাককে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.