Sylhet Today 24 PRINT

১৩ বছর কারাভোগের পর পরিবারের কাছে ফিরলেন প্রতিবন্ধী শাহাজান

বেনাপোল প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

অবৈধপ‌থে ভার‌তে পা‌ড়ি দেওয়ার ১৩ বছর পর বাড়ি থেকে হারিয়ে যাওয়া শাহাজান (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার (১৮ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানা পুলিশ শাহাজানকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়।

এর আগে ১৩ জুলাই সকালে স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারত থেকে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু তাঁর ঠিকানা সঠিক না থাকায় এতদিন বাড়িতে পৌঁছানোর সুযোগ হয়নি।

শাহাজান রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, শাজাহান মানসিক প্রতিবন্ধী। তিনি নিজের অজান্তে ১৩ বছর আগে ভারত সীমান্তে ঢুকে পড়েন। এ সময় সীমান্তরক্ষী বিএসএফ তাকে আটক করে জঙ্গি ভেবে জেলে পাঠায়। বাড়ির সবাই জানতেন এতদিনে তিনি মারা গেছেন। গত ৫ দিন আগে ভারত থেকে স্বদেশ প্রত্যাবর্তনে তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। তিনি অগোছালোভাবে দু-একটা কথা বলতে পারেন। কিন্তু তা যথেষ্ট ছিলো না। এছাড়া কাগজপত্রেও তাঁর ঠিকানা সঠিক ছিলো না। অবশেষে তার চুল, দাঁড়ি কাটিয়ে বিভিন্ন থানাতে ছবি পাঠানো হয়। পরে অনেক চেষ্টায় তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.