Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে হাত-পা বেঁধে পানিতে ফেলে অটোচালক হত্যা, গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

গোপালগঞ্জে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে দেওয়ায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পরে ওই অটোরিকশা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী ও পুলিশ।  

মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক বিজয় মোল্লা (১৪) মাদারীপুরের রাজৈর উপজেলার চাপিকান্দি গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের হারুন শেখের ছেলে আল আমীন (১৮) ও একই উপজেলার পূর্ব সুন্দরদী গ্রামের আশরাফ মৃধার ছেলে রবিন মৃধা (১৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে চার ছিনতাইকারী যাত্রী সেজে মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার জন্য বিজয়ের অটোরিকশা ভাড়া করে। বিজয় তার সঙ্গী হিসেবে চাচাতো ভাই শাওনকে ইজিবাইকে নেন। ইজিবাইকটি গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি পৌঁছালে ছিনতাইকারীরা বিজয়কে অটোরিকশা থেকে নামিয়ে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশের একটি খালে ফেলে দেয়। এ সময় শাওন কৌশলে অটোরিকশা থেকে নেমে যায় এবং ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালাতে থাকে।

তিনি আরও বলেন, এরপর শাওন পার্শ্ববর্তী ছাগলছিড়া বাসস্ট্যান্ডে এসে বিষয়টি স্থানীয়দের জানান। তখন স্থানীয়রা ও টহল পুলিশ ধাওয়া করে দুই ছিনতাইকারীকে অটোরিকশাসহ আটক করে। অপর দুই ছিনতাইকারী এ সময় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফিরে গিয়ে পুলিশ বিজয়ের লাশ উদ্ধার করে।

এসআই আলমগীর জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এ ঘটনার বর্ণনা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.