Sylhet Today 24 PRINT

কক্সবাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

কক্সবাজার শহরে দুই ছিনতাইকারীর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত যুবক শাহাবুদ্দিন (৩২) মারা গেছেন।

বুধবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহাবুদ্দিন দক্ষিণ রুমালিয়ারছড়ার ঘোনারপাড়া গ্রামের বাসিন্দা।

২০ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ভাগ-বাটোয়ারা নিয়ে এক ছিনতাইকারী অপর ছিনতাইকারীকে ছুরিকাঘাত করার সময় মাঝখানে দাঁড়িয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহাবুদ্দিন।

শাহাবুদ্দিনের ফুফু খোরশেদা বেগম জানান, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে আলীরজাহাল এলাকার দুই ছিনতাইকারী সাইফুল ও কসাই সাইফুলের বিবাদ হয়। সেদিন সন্ধ্যায় কসাই সাইফুল অপরজনকে ছুরি মারতে উদ্যত হলে আমার ভাইপো তাকে থামানোর চেষ্টা করে। এ সময় কসাই সাইফুল না থেমে আমার ভাইপোর পেটে ছুরিকাঘাত করে।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, শহরের চিহ্নিত ছিনতাইকারী দুই সাইফুলের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহাবুদ্দিন। ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে। রাতেই শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.