Sylhet Today 24 PRINT

যশোরে হুন্ডির ৫০ লক্ষ টাকা সহ আটক ১

বেনা‌পোল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

যশোরের পুটখালী সীমান্ত হতে হুন্ডির ৫০ লক্ষ টাকা সহ বাবলুর রহমান নামে একজনকে আটক করেছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। আটক ব্যক্তি বেনাপোলের পুটখালীর পূর্ব পাড়ার আব্দুস সালামের পুত্র।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় যশোরের বেনাপোলের পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বটতলা পোস্টের ১৫০ গজ দক্ষিণে বাওড়ের পার এলাকায় অভিযান চালিয়ে বাবলুর রহমানকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ হতে ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটককৃত টাকাসহ বাবলুরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জেলার সীমান্ত এলাকায় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনার বিজিবি সদস্যবৃন্দ অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধসহ সকল ধরনের চোরাচালান দমনে সার্বক্ষণিক নজরদারী ও তৎপরতা বজায় রাখছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.