Sylhet Today 24 PRINT

যশোরে সাংবাদিক হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৮

যশোরের দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার আসামি রাজু মল্লিককে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ অক্টোবর) ভোর রাতে যশোরের শার্শা উপজেলার কাশিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান আরও বলেন, 'সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু এলাকায় ফিরে অবস্থান করছেন গোপনে এমন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। রাজু মল্লিকের নামে হত্যা ও মাদকসহ ১০ মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তারা সাংবাদিক জামালকে হত্যার হুমকি দেয়। এতে জামাল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের এক সপ্তাহের মধ্যে ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে সাংবাদিক জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন চোরাকারবারিরা। এ ঘটনার পরের দিন জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেন। রাজু এ মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.