Sylhet Today 24 PRINT

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করে।

সাজাপ্রাপ্ত পলাতক মামুন আলী জেলার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের আকুব্বর আলীর ছেলে।

যৌতুক না দেওয়ায় দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের রহিম বক্সের মেয়ে সাগরী খাতুনকে (২০) ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি পিটিয়ে হত্যার অভিযোগে এই মামলা করা হয়।

আদালতের পিপি আব্দুল মালেক মামলার নথির বরাত দিয়ে বলেন, সাগরীর পরিবারের কাছে তার স্বামী মামুন যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে মামুন তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাগরীর বাবা রহিম বক্স মামুনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই বছরের ৩১ মে মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় মোট ১৩ জনকে সাক্ষী করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.