Sylhet Today 24 PRINT

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৮

ঢাকার সাভার উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে ও বাসচাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও মজিদপুর রোডে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মানিকগঞ্জের শিবালয় থানার সোহেল রানার স্ত্রী আফরিন আক্তার, ছেলে আবদুল্লাহ (৫) ও মাহেলা খাতুন (৫৫) নামের এক নারী।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান, রানা মোটরসাইকেলে করে তার স্ত্রী-সন্তান নিয়ে মানিকগঞ্জ থেকে সাভার আসছিলেন। আশুলিয়ার নয়াটহাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে আফরিন ঘটনাস্থলে নিহত হন। বাবা ও ছেলেকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

পুলিশ চালক বা ট্রাক আটক করতে পারেনি। আর মাহেলা খাতুন নিহত হন সাভারের মজিদপুর এলাকায় বাসচাপায়।

সাভার থানার এসআই দীপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিদপুর রোডে ইতিহাস পরিবহনের একটি বাস পথচারী মাহেলা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.