Sylhet Today 24 PRINT

খুলনায় গ্যাসের আগুনে দগ্ধ ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৮

খুলনায় সিলিন্ডারের গ্যাস থেকে সৃষ্ট আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (২ ডিসেম্বর) রাতে বিআইডিসি রোডে প্লাটিনাম জুবিলি জুট মিলের দ্বিতীয় গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগুনে দগ্ধ হয়েছেন ওই এলাকার জাফর ঢালীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), একই এলাকার ইউসুফ শেখের ছেলে রিফাত (৮) ও বাবুল শেখের ছেলে জিহাদ (১৮)।

তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, আনোয়ারা রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে আনোয়ারারও সারা শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন জিহাদ ও রিফাত।

তিনি আরও বলেন, আগে থেকে সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে রান্নাঘরে গ্যাস জমা হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ে। দগ্ধ তিনজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.