Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের লরির ট্যাংক পরিস্কার করতে গিয়ে ‘গ্যাসে’ চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের মেড্ডা এলাকায় সোহেল মিয়া (২৪) নামে এই শ্রমিকের মৃত্যু হয়।

সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার এলাহী খন্দকারের ছেলে।

সদর থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতিকুর রহমান জানান, সকালে ওই এলাকায় এস রহমান ফিলিং স্টেশনের একটি তেলের লরির ট্যাংকের ভেতরে পরিস্কার করতে ঢোকেন সোহেল মিয়া। সেখানেই তার মৃত্যু হয়। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাংকের ভেতরে ঢোকার পর সোহেল অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক মির্জা সাঈদ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে থাকা জ্বালানি তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক করাণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.