Sylhet Today 24 PRINT

তরুণী ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে আল্লাম হোসেন (২২) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল্লাম উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসসি তৃতীয় বর্ষের ছাত্র। আর ধর্ষণের অভিযোগ করা তরুণী গতবছর এসএসসি পাস করে রাজধানীর একটি পলিটেকনিক কলেজে পড়ছেন।

মামলার তথ্য থেকে জানা যায়, ওই তরুণীর সঙ্গে আল্লাম হোসেনের পরিচয় একটি কোচিং সেন্টারে সাত মাস আগে।

তরুণীর অভিযোগ, '২৫ জানুয়ারি আল্লাম তাকে কৌশলে তার অভয় দাস লেনের বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখেন। সে সময় বাসায় কেউ ছিলনা। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আল্লাম তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন।'

এক পর্যায়ে তরুণী ঘটনাটি তার মা এবং বিশ্বস্ত এক প্রতিবেশীকে জানান। পরে তিনি বুধবার ওয়ারী থানায় গিয়ে মামলা করেন।

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানান, নির্যাতনের শিকার তরুণীর মামলা দায়েরের পর আল্লামকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.