Sylhet Today 24 PRINT

রাজবাড়ীতে বাস খাদে পড়ে চাচা-ভাতিজার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ওরশযাত্রী এক ব্যক্তি ও তার ভাতিজা নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দী গ্রামের বাদশা প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (২২) এবং সাহেব আলীর ছেলে জালালউদ্দিন প্রামাণিক (২৮)। সম্পর্কে তারা চাচা ভাতিজা।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রাজবাড়ীর গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মিনিবাসে করে তারা বগুড়া থকে রাজবাড়ীর বালিয়াকান্দির রসুলপুরে ওরশে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জাহাঙ্গীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.