Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে কাভার্ডভ্যানে ৮৫ হাজার ইয়াবা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে একটি কাভার্ডভ্যান থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চালককে।

বুধবার গভীর রাতে ফিরিঙ্গি বাজারের মমতাজ হোটেলের পাশের সড়কে খালি ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৮) ঢাকার কেরানিগঞ্জের কালকনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন ব্যাপারির ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম হুমায়ুন কবির জানান, কাভার্ডভ্যানটি থামানোর পর গন্তব্য জানতে চাইলে চালক ‘অসংলগ্ন’ কথা বলতে থাকেন। সন্দেহ হওয়ায় পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালায়। চালকের সিটের নিচে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। রামু থেকে এসব ইয়াবা কাভার্ডভ্যানে তোলা হয়েছিল। সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকায় কাভার্ডভ্যানের মালিক আবদুর রহমানের কাছে।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানিয়েছে, এ কাজে তার সাথে আরও তিনজন জড়িত। কাভার্ডভ্যানের মালিক আবদুর রহমান ছাড়া অন্য দুজন হলেন কক্সবাজারের হিমছড়ি এলাকার মো. জামাল এবং ঢাকার মিরপুরের রবিউল ইসলাম রাব্বী।

ইয়াবা উদ্ধারের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.