Sylhet Today 24 PRINT

ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদকে ‘হত্যার হুমকি’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৯

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার ঝিনাইদহের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন রাশেদ।

রাশেদ খান রাতে বলেন, সন্ধ্যায় দুই ব্যক্তি মোটরসাইকেলে ঝিনাইদহ সদর উপজেলায় তার গ্রামের বাড়িতে যান।

তারা তার মা–বাবাকে হুমকি দিয়ে বলেন, রাশেদ আন্দোলন করছেন এবং সরকারবিরোধী কথাবার্তা বলছেন। তাকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর এসব করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। এ ঘটনার পর রাশেদের মা অচেতন হয়ে পড়েন। তাকে ঝিনাইদহের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আড়াই ঘণ্টা পর তার চেতনা ফিরে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.