Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ভোট কেন্দ্রে সংঘর্ষ, পুলিশ গুলিবিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৯

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ মার্চ) সকাল নয়টার দিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, আহত পুলিশ কনস্টেবলের নাম ফরহাদ হোসেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন জানান, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন আর দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৮৫ বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।

প্রসঙ্গত, তৃতীয় দফায় দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হবে বিকেল চারটায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.