Sylhet Today 24 PRINT

ইটভাটায় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইটভাটার মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে মেসার্স শেখ ব্রিকসে এ ঘটনা ঘটে।

মৃত বাবু হোসেন (৩৫) দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও আব্দুল হান্নান (৫০) দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে।

দামুড়হুদা থানার এসআই মেজবাহুর রহমান জানান, ইটভাটায় মাটি কাটার কাজ করার সময় মাটি ধসে পড়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.