Sylhet Today 24 PRINT

যশোরে ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে শিক্ষকসহ হাসপাতালে ২০

বেনাপোল প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৯

যশোরের শার্শায় ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে দুইজন শিক্ষকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়টি ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

স্কুলের শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুল চলাকালীন সময়ে ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে স্কুলের ১৮ জন ছাত্র-ছাত্রী ও ২ শিক্ষক পর্যায়ক্রমে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। আক্রান্তরা ছটফট করতে থাকে। আহতরা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, সকালে প্রতিদিনের ন্যায় ছাত্র-ছাত্রীদের ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে হঠাৎ করে শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হতে থাকে। এ সময় সহকর্মী, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পেরে অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে গাড়িতে করে দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বলেন, ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে শিক্ষকসহ বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিলে সকলেই সুস্থ হয়ে উঠবে।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা জানান, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে সকলে সুস্থ হয়ে উঠবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.