Sylhet Today 24 PRINT

বগুড়ায় সন্ত্রাসীদের মধ্যে \'বন্দুকযুদ্ধে\' শীর্ষ সন্ত্রাসী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৯

বগুড়ায় দুইদল সন্ত্রাসীদের 'গোলাগুলিতে' রাফিদ আনাম ওরফে স্বর্গ (২৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপশহরের ধুন্দাল সেতু এলাকায় নামাজগড়-ধরমপুর সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত স্বর্গ তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে। তিনি শহরের খান্দার এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। তার বাবা লিয়াকত আলীও পেশাদার খুনি হিসেবে পরিচিত ছিল। ২০০৪ সালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন তিনি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপশহর এলাকায় সুবিল খাল সেতুর কাছে দু'দল সন্ত্রাসীর গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে নিহত সন্ত্রাসীর নাম স্বর্গ বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি হত্যা, তিনটি চাঁদাবাজি ও ৩টি অস্ত্রের মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.