Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ঘোষগাঁতী এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ পর চারজনকে আটক এবং ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত মোস্তফা কামাল (৩৩) উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

আটককৃত ব্যক্তিরা হলেন, ঘোষগাঁতি মহল্লার সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), সনি আহমেদ (৩৫) ও বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামের সেলিম রেজা (২৪)।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, ঘোষগাঁতি মহল্লায় মাদক বিক্রির খবর পেয়ে শনিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক বিক্রেতা মোস্তফা কামালমাটিতে লুটিয়ে পড়লে অন্য অস্ত্রধারীরা সেখান থেকে পালিয়ে যায়।

যে চারজনকে আটক করা হয়েছে, তাদের কাছে ২১ বোতল ফেন্সিডিল ও ৮০টি ইয়াবা পাওয়া গেছে বলে ওসি জানান।

নিহতের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে ১১টি এবং আটক অন্যদের নামেও একাধিক মামলা রয়েছে বলে জানান দেওয়ান কৌশিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.