Sylhet Today 24 PRINT

রাজধানীতে তরুণীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৯

রাজধানীর মিরপুরে তমা খান ইতি (৩০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম শামীম আহমেদ রনি। তিনি চলচ্চিত্র পরিচালক বলে জানা গেছে।

বুধবার (০৮ মে) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। ইতির দুই বোন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায় জানান, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়।

তিনি আরো জানান, নিহত ইতি দুই বোনের সঙ্গে মিরপুর শামীম সরণি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। সন্ধ্যায় তার দুই বোন বাসায় এসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান ইতিকে। পরে দ্রুত তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রায় ৭ থেকে ৮ বছর আগে শামীম আহমেদের সঙ্গে ইতির বিয়ে হয়। অনেক দিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের মধ্যে তেমন যোগাযোগও ছিল না। তাই ইতি তার বোনের বাসায় থাকতেন বলে জানান তিনি।

পরিবারের বরাত দিয়ে এসআই আরো জানান, মানসিক অস্থিরতায় ভুগছিলেন ইতি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার দুই বোন জানিয়েছেন। তার স্বামী রনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.