Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত একটার দিকে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার রাতে পরিবার জয়নালের মৃত্যুর খবরের বিষয়টি জানায়।

নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামে।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক বলেন, এইচএসসি পাস করে ১০ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা যান। তিনি নিউক্যাসল শহরে নিজেই একটি মুদি দোকান দেন। দোকানের পাশেই থাকতেন তিনি। বুধবার রাতে কাজ সেরে ঘুমাতে যান। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নালের প্রতিবেশী এক বাংলাদেশি যুবক গত বৃহস্পতিবার তার মৃত্যুর খবর স্বজনদের জানান।

তিনি আরও জানান, আগামী ঈদে তার ভাগনের বাংলাদেশে আসার কথা ছিল। চার ভাই ও এক বোনের মধ্যে জয়নাল দ্বিতীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.