Sylhet Today 24 PRINT

বেনাপোলে ব্যবসায়ীকে মারধর, আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৯

বেনাপোল স্থলবন্দরে কামাল হোসেন নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

কামাল হোসেন সিঅ্যান্ডএফ আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল সিঅ্যান্ডএফের স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান জানান, ব্যবসায়িক কাজে কামাল হোসেন বেনাপোল চেকপোস্টে অবস্থান করেছিলেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবির নায়েক জিল্লুর রহমান তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তাকে মারধর করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও বেনাপোল থেকে জিল্লুর রহমানকে প্রত্যাহারের দাবিতে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টু বলেন, কামাল হোসেন সিঅ্যান্ডএফ আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাকে কর্তব্যরত বিজিবির নায়েক জিল্লুর রহমান কর্তৃক মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই জঘন্য আচরণের জন্য বিজিবির ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তিনি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, ওই ব্যবসায়ী চেকপোস্টে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তাকে দূরে সরে যেতে বললে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি তিনি। এতে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সচলের চেষ্টা চলছে।

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে কয়েকশ পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে রয়েছে বেশির ভাগ শিল্পকারখানার যন্ত্রাংশ ও কাঁচামাল। দ্রুত ওই সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.