Sylhet Today 24 PRINT

পূর্ণ সূর্যগ্রহণ কাল রাতে

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৯

সূর্যগ্রহণ দেখার আশায় ২ জুলাই মঙ্গলবার রাতে আকাশের দিকে অনেকেই হয়তো চোখ রাখবেন। দক্ষিণ মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতু্ওয়ারা দ্বীপের বাসিন্দা আর বলিভিয়ার বাসিন্দারা দেখতে পাবেন এই পূর্ণগ্রাস।

তবে বাংলাদেশের আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২ জুলাই রাত ১০টা ৫৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। রাত ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ২ টা ৪৩ মিনিটে। এর মাঝে সূর্যের সর্বোচ্চ গ্রহণটি হবে বাংলাদেশ সময় রাত ১টা ২৩ মিনিটে। তখন গ্রহণটির স্থায়িত্ব হবে ৪ মিনিট ৩৮ সেকেন্ড। রাত ৩টা ৫০ মিনিটে সম্পূর্ণ গ্রহণ শেষ হবে।

যখন পূর্ণগ্রাস ঘটে, তখন সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ চলে আসে এবং তারা একই সরলরেখায় অবস্থান করে। এতে চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায় এবং চাঁদকে অনেক বড় দেখায়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে। এতে কোনো কোনো স্থানে তখন পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেয়। এ সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।

এবারের সূর্যগ্রহণটি দক্ষিণ মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতু্ওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত দেখা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.