Sylhet Today 24 PRINT

সব আসামির বিচার চান রিফাত শরীফের স্ত্রী ও বাবা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৯

বরগুনায় দিনে দুপুরে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিফাতের পরিবারের সদস্যরা।

রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ও স্ত্রী আয়েশা আক্তার মিন্নি বলেছেন, নয়ন আইনের হাত ফাঁকি দিতে না পারায় তারা সন্তুষ্ট। তবে তারা দ্রুত সব আসামির গ্রেপ্তার ও ন্যায়বিচার চান।

দুলাল শরীফ জানান, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নয়ন বন্ডের মৃত্যুর খবর শুনেছি। তবে অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, এই নরপশুরা আমার ছেলেকে খুন করে আমাকে পঙ্গু বানিয়ে ফেলেছে। আমি তো আর কোনোদিন আমার ছেলেকে ফিরে পাবো না। কিন্তু যদি ওদের সঠিক শাস্তি হয়েছে দেখে যেতে পারি তবে একটু হলেও স্বস্তি পাবো।

রিফাত শরীফের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি বলেছেন, রিফাতকে যারা মেরেছে তাদের সবার শাস্তি চাই। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আল্লাহ যেন তাদের সবার বিচার করে।

মঙ্গলবার (২ জুলাই) ভোর রাত সোয়া ৪টার দিকে বরগুনার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে পুরাকাটা এলাকায় যায় পুলিশ। এরপর ভোররাত সোয়া ৪টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হঠতে বাধ্য হয়।

এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, দুটি শটগানের কার্তুজের খোসা, তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেছেন, আমরা চেয়েছিলাম নয়নকে জীবিত ধরতে। তাহলে অন্য আসামিদের ধরতে সুবিধা হতো। তবে বাকি আসামিরা আমাদের নজরদারিতে আছে। শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.