Sylhet Today 24 PRINT

আজিমপুরে মসজিদে খাদেমের বস্তাবন্দি লাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৯

রাজধানীর আজিমপুর গোরস্থান শাহী মসজিদের একটি কক্ষ থেকে একজন খাদেমের বস্তবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, খাদেম মো. আবু হানিফের (৪৫) শরীরে ছুরিকাঘাতের চারটি চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, তারা এক ঘরে চারজন থাকতেন। জিজ্ঞাসাবাদের জন্য বাকি তিনজনকে থানায় আনা হয়েছে।

হানিফকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বুধবার আছরের নামাজের সময়ও হানিফ মসজিদে ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের সময় থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তার ফোন বন্ধ পেয়ে মসজিদ কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। মসজিদের দোতলায় যে ঘরে তারা থাকতেন, তার পাশে একটি স্টোর রুমে রাতে হানিফের বস্তাবন্দি লাশ পেয়ে মসজিদ কর্তৃপক্ষ পুলিশের খবর দেয়।

ময়নাতদন্তের জন্য হানিফের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.