Sylhet Today 24 PRINT

রিফাত শরীফ হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার সময় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) বেলা পৌনে ১০টার দিকে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এ কথা জানান।

রিফাত ফরাজী এই রামদাটি দিয়েই রিফাত শরীফকে কুপিয়ে ছিল উল্লেখ করে মো. হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদের সময় রিফাত ফরাজী দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রামদাটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রবণ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা বরগুনা পৌর শহরের বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।

এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ২ জুলাই ভোর রাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন জনসহ ৬ জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকী ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.